Topic: নেই শুধু আছে_নবকুমার বসু_NEI SUDHU AACHE_NABAKUMAR BASU

নেই শুধু আছে
নবকুমার বসু

ঘর থেকে বাইরে বেরুতেই আকাশ নেই হয়ে গেল।
আকাশ- আকাশ- আকাশ বলে একটা ডাক, মাটি- গাছ- পাথরে ধাক্কা খেতে খেতেই যেন ছড়িয়ে পড়ল চরাচরে, তার পর মিলিয়ে যেতে লাগল দূর থেকে আরও দূরে, এক সময় থেমে, নেই হয়ে গেল। এক নিবিড় আকাশের অস্তিত্ব রয়ে গেল টিলার ওপর বানানো অতিথিশালার নিঝুম বারান্দায়। কিন্তু আসলে সে উধাও হয়ে গেছে কোন সুদূরে— যেখানে অস্তিত্বহীন সে একা। নামের আকাশ মিশে গেল মহাশূন্যের কোন অসীমে, টিলার বারান্দায় পড়ে আছে তার ছায়া।

এখন ভোরের আলো ফুটেছে পাইনগাছের মাথা ছাড়িয়ে, তাই হিম-কুয়াশা মেখে নেমে এসেছে আকাশ। দৃশ্যমান হয়েছে। সীমাহীন, আসলে বর্ণহীনও, তবু তারই ক্যানভাসে নিজস্ব রূপ নিয়ে জেগে উঠেছে নানান অবয়ব। পাহাড়ের চূড়া, ঝুপসি গাছ, ঢালু ছাদের বাড়ি— গড়ানে জমি আঁকড়ে ঝুলে রয়েছে পাহাড়ের গায়ে। ছায়ার আকাশ দেখে। দেখে আর ভাবে, কেমন করে আছেরা নেই হয়ে যায়। সে-ও তো ছিল, এখনও ছায়া হয়ে রয়েছে, অথচ উড়ান শুরু হয়ে গেল একটু আগে।

আকাশ কি জানে তার নীলবর্ণ? সীমাহীন শূন্যতার কি কোনও রং থাকে! আলো আর কালো, পর্যায়ক্রমে এই পট পরিবর্তনের কারণে দৃষ্টিগ্রাহ্য যা কিছু, তা একটি বর্ণে অভিহিত হয়। কিংবা দৃষ্টি নামের ইন্দ্রিয়জাত অনুভূতি, তার জৈবিক কুশলতায় বস্তুর ওপর বর্ণ আরোপ করে। আকাশকে দেখে নীল, সূর্যকে লাল, গাছের পাতা সবুজ, সমুদ্র নীল, রক্ত লাল।

One best book is equal to hundred Good FRIENDS;
But one good friend is equal to a LIBRARY

Thumbs up

Re: নেই শুধু আছে_নবকুমার বসু_NEI SUDHU AACHE_NABAKUMAR BASU

একমাত্র জলকে চর্মচক্ষুও কোনও বর্ণ দিতে পারেনি। বলে স্বচ্ছ। স্বচ্ছ আর বর্ণহীন কি এক জিনিস? তা হলে স্বচ্ছ নীল কাচ বলা হয় কেন? কিংবা স্বচ্ছ নীল আকাশ! এমনকী জল স্বচ্ছ হলেও সত্যি কি তার কোনও বর্ণ নেই? আঁধারের রং কিংবা ধার করা বর্ণের প্রতিফলন দিয়ে জলের রং ব্যাখ্যা করা ছাড়াও তো কত কাব্যিক উপমায় জলের স্বচ্ছতা বর্ণীল হয়ে যায়। গভীর কালো জল...সীমাহীন জলের নীল...। না, বর্ণ আর স্বচ্ছতায় কোনও বিরোধ নেই। ছেদহীন দৃষ্টির ভূমিকাই আকাশ। সেই ছেদহীন দৃষ্টির পথ ধরে আকাশ আবার নেমে আসে টিলার ওপর অতিথিশালার বারান্দায়। দৃষ্টির সঙ্গে ক্রিয়াশীল এখন তার শ্রবণও। এবং সে বর্ণহীন।সে নেমে আসে, কারণ, সে অমিতার ডাক শুনেছে ঘরের ভিতর থেকে। নীলাকাশ, তুমি কি আছো বারান্দায়?
হ্যাঁ, আছি। তোমায় ছেড়ে যাব কোথায় সৃষ্টি অমিতা?
কী করছ, একা একা?
এখন আর কিছু করছি না। একটু আগে...
একটু আগে কী করছিলে আকাশ?
এখানে ছিলাম না তো, এখান থেকে উড়ে নেই হয়েছিলাম।
আমায় একা রেখে উড়ে এলে নীলাকাশ? কোথায় গিয়েছিলে দুষ্টু?

One best book is equal to hundred Good FRIENDS;
But one good friend is equal to a LIBRARY

Thumbs up

Re: নেই শুধু আছে_নবকুমার বসু_NEI SUDHU AACHE_NABAKUMAR BASU

রং খুঁজছিলাম অমিতা। তুমি যে নীল বলো আমায়, দেখছিলাম, সত্যি কি আকাশ নীল?
খুঁজে পাওনি নিশ্চয়ই? পেয়েছো কি?
আকাশের কোনও রং হয় না অমিতা। নেই
আছে। সৃষ্টি অমিতার চোখ দিয়ে দেখলে পেতে।
তাও পেতাম না। সত্যি সত্যি রং না থাকলে, লাল- নীল- সাদা যা- ই দেখবে, সেটা ভ্রম গো!
ভালবাসো নীলাকাশ। ভ্রম হবে না।

ভালবাসার কথাটাতেই নীলাকাশের কোথাও ধাক্কা লাগে। আবার সে উড়াল দেয় এবং দিতে দিতে ভাবে, সবাই এ তো ভালবাসার কথা বলে বলে কথাটাকেই কেমন খেলো করে দিয়েছে। সৃষ্টি অমিতা কি সত্যি নীলাকাশকে ভালবাসে! যেমন ভাবে ঋতু মধুমাস ভালবাসে তরুণ কিশলয়কে, কিংবা আশ্রয় নীড় ভালবাসে শ্রান্ত বিহঙ্গকে! এমন সব ভালবাসার কথা কি জানে সৃষ্টি?

মাঝে মাঝে আকাশের মনে হয়, বোধহয় জানে। তা নয়তো এতোটা বিশ্বাসই কি করতে পারত ওকে? কিংবা দিতে পারত এই অবাধ স্বাধীনতা? একমাত্র বিশ্বাস ছাড়া আমাদের হারাবার কিছু নেই, কথাটা সৃষ্টির নয়, কিন্তু আকাশকে ও- ই বলেছে। বলেছে, নীল, বিশ্বাস কথাটাকে হেলাফেলা করে নিও না। ভাবনার মধ্যে রেখে দিয়ে একটু একটু করে উপলব্ধি কোরো। দেখো, বিশ্বাসের যে শক্তি, অর্জন করতে পারলে, তোমার যেমন অদেয় আর কিছু থাকবে না, তেমন অপ্রাপ্তিও কিছু থাকবে না। দিতে দিতেই তোমার যা পাওয়া হয়ে যাবে, তার বেশি আর কিছু লাগবে না।

One best book is equal to hundred Good FRIENDS;
But one good friend is equal to a LIBRARY

Thumbs up

Re: নেই শুধু আছে_নবকুমার বসু_NEI SUDHU AACHE_NABAKUMAR BASU

এ সব কথা কিছুদিন আগেও কেমন খটমট লাগত আকাশের। আসলে তখনও ও যে নীলাকাশ হয়নি! নিশ্চয়ই ব্যাপ্ত নীল ছিল ওর সীমানা জুড়ে, হয়তো অনেকটা ঢাকা ছিল ধূসর মেঘে। কেউ হাত বাড়ায়নি আকাশ ছুঁতে। সৃষ্টি শুধু যে হাত বাড়িয়েছে, তাই নয়, লণ্ডভণ্ড করে দিয়েছে ওই ধূসর মেঘের জমাট আস্তরণকে। শুধু ছুঁয়েই দেয়নি। নীলাকাশকে ধারণ করেছে সৃষ্টি অমিতা। আকাশ তার বর্ণ চিনেছে। সীমাহীন শূন্যতার রং নিয়ে ওর যে দ্বিধা ছিল, কিংবা একটা প্রাকৃতিক ব্যাখ্যা ছিল, সব বদলে গেছে। ভাবে আর নীলে মিশে গেছে।

সৃষ্টির অবশ্য তেমন কোনও হেলদোল ছিল না প্রথম থেকেই। তবে মরেছিল শুরু থেকে, আর সে মরণকে গ্রহণও করল উদ্ভাসিত হয়ে। আকাশও এমন কিছু গম্ভীর স্বরে বাজেনি। শুধু সৃষ্টি যখন জানতে চাইল, আপনি কে? আকাশ বলেছিল, আপনি আমায় চিনবেন না। আমি আকাশ। মাত্রই গোটা কয়েক শব্দের উচ্চারণ, তার পরেই এক নিবিড় নীরবতা।

কিছু একটা ঘটছে আকাশ জানত। সৃষ্টি জানল ও ভেসে যাচ্ছে। তখনও দেখার তো প্রশ্নই ওঠেনি। সৃষ্টিই তৎপর। এ তারই বিচরণ ক্ষেত্র, আকাশ অধরা হয়ে যাবে তাকে ধরে আনতে গেলে। সৃষ্টিকেই যেতে হবে আকাশের কাছে।

One best book is equal to hundred Good FRIENDS;
But one good friend is equal to a LIBRARY

Thumbs up

Re: নেই শুধু আছে_নবকুমার বসু_NEI SUDHU AACHE_NABAKUMAR BASU

আপনি কোথায় থাকেন?
আকাশ অবাক।— থাকি না তো! এসেছি। আপনাকে দেখব। দেখা হবে কি?
বলুক না, কথা বলে যাক না আরও কতগুলো, আর শুনতে শুনতেই আরও মরে যাক না অমিতা। না না, তা হলে দেখা হবে কী করে!
মন আপনি বলে যায়, ‘‘কণ্ঠে মরণ নিয়ে দাঁড়িয়েছো এসে, হে পুরুষ, অবুঝ তুমি, জানো না, পলকে ভেসেছি সে অমৃত বিষে।’’
বলে, আচ্ছা ঝামেলা তো, থাকেন না, এসেছেন তো! ঠিকানা নেই?
আকাশের ঠিকানা চাইছেন?
হ্যাঁ, চাইছি। কুইক্‌।
আপনি তো সৃষ্টি, খুঁজে নিতে পারেন না?
একেবারে পারি না। পারব না তা নয়, তবু— আকাশ কি না— একটা নিশানার দরকার। সীমাহীন যে।
সৃষ্টিরও নিশানার প্রয়োজন হয়?
না হলে বলব কেন? নিজে সীমাহীন হলে তখন...

আকাশের ঠিকানা লেখা হয়ে গেল। সৃষ্টি এসে দাঁড়ায় দোরগোড়ায়। অতিবাহিত হয়ে চলে সময়। কোন সময়, কীসের সময়! ও তো এক আপেক্ষিক গতির নাম। মহাশূন্যের অধিবাসী গ্রহ- নক্ষত্র- উল্কার গতির সঙ্গে পাল্লা দিয়ে যে যে- গতিতে ছুটে চলেছে, সেই তারতম্যের কল্পনার আর এক নাম দিয়েছে মানুষ— সময়। আকাশ সৃষ্টির মুখোমুখি, কে মাথা ঘামায় ওই গতি নিয়ে! নাকি সময় নিয়ে!

One best book is equal to hundred Good FRIENDS;
But one good friend is equal to a LIBRARY

Thumbs up

Re: নেই শুধু আছে_নবকুমার বসু_NEI SUDHU AACHE_NABAKUMAR BASU

এই অনাসৃষ্টির কথা আপনাকে কে বলেছে আকাশ?
তিনি শিল্পী বিহারী, এখন প্রায় ভাবের শিল্পী, দৃষ্টি হারিয়েছেন কিনা! কিন্তু নিজেকে অনাসৃষ্টি বলছেন কেন?
কী জানি, হঠাৎ মনে হল।
আমাকে দেখার পর থেকেই কি?
ঠোঁট কামড়াল অমিতা, দীঘল আঁখিতে আকাশ বিদ্ধ করল। হয়তো কিছুটা। চোখ নামিয়ে বলে, আমার সৃষ্টি নাম দিয়ে ছোট বয়েসেই মা মারা যান। আসলে আমি সৃষ্টিছাড়া।
আকাশ এক বার মেঘে ঢাকল। আবার মেঘ সরিয়ে হাসল। সেই হাসিতে জল ছিল। সেই জলে ভিজল সৃষ্টি।
এই প্রবাসে এসেছেন কেন আকাশ?
ইচ্ছে ছিল, এক অসমাপ্ত জীবনশিল্পের খেই ধরব।
অসমাপ্ত কেন?
কোনও জীবনশিল্পই কি সমাপ্ত হয়?
ইচ্ছে ছিল, সে ইচ্ছে কি আর নেই?
মনে হচ্ছে আর এক জীবনশিল্পের সূচনা হয়ে গেছে।
সৃষ্টির আকাশে আলো জ্বেলে দিল অবুঝ পুরুষ। বাইরে আঁধার নামছিল, ভিতর আলোময়।

নেই থেকে অতিথিশালায় ফিরে আসে নীলাকাশ। দেখে হাত ধরাধরি করে আসছে নির্মল প্রভাত আর অরুণ আলো। হিম-কুয়াশা অপসৃত হচ্ছে। সাদা সুতো সুতো মিহিন ওড়না উড়ে যাচ্ছে। তুলি দিয়ে আঁকা ছবি হয়ে আলোছায়ায় ভরে উঠছে নিবিড় নির্জন বনানী, দূরের সমতলে নগর সভ্যতা, লোকালয়। কাছে বন্ধুর দৃশ্যপথে, চড়াই- উৎরাইয়ের বাঁকে শালপ্রাংশুর মাথায় মাথায় নরম লালিমা। কোটর ছেড়ে বেরিয়ে মুক্ত রঙিন ডানা মেলেছে পাখিরা। কী এক বনজ গন্ধ বাতাসে।

One best book is equal to hundred Good FRIENDS;
But one good friend is equal to a LIBRARY

Thumbs up

Re: নেই শুধু আছে_নবকুমার বসু_NEI SUDHU AACHE_NABAKUMAR BASU

সৃষ্টি অমিতা আকাশছোঁয়া হয়ে দাঁড়ায়। প্রকৃতিকে সে উষ্ণ আবরণে জড়িয়ে নৈঃশব্দ্যের বর্ণনা হয়ে যায়। তারা জানে? অপার্থিব অনুভবে অন্তত এই মুহূর্তে প্রবেশ নিষেধ হয়ে গেছে যাবতীয় জাগতিক হিসেব- নিকেশের। অনেক জবাবদিহির উৎকণ্ঠা ভেসে যাচ্ছে অপসৃয়মান আঁধারের সঙ্গে। এখন, এ শুধু সৃষ্টির নীলিমায় অমিত হতে পারার লগ্ন, পরিণতিহীন উদাস ভেসে যাওয়ার আয়োজন।

এই যেন প্রথম তার শূন্যতার পরিমাপ করে নীলাকাশ। নাগরিক জীবনে তার তো কোনও শূন্যতার অবকাশ ছিল না। সে ছিল পূর্ণ উদাস এবং নির্ভারও। সূর্যোদয়ের সঙ্গে সঙ্গে সে- ও জাগত, দিনযাপনের আয়োজন করত। কখনও দ্বিপ্রহরের তাপে দগ্ধ হত, কখনও শুধুই উষ্ণ। অথবা তার দামাল হয়ে ওঠার আকাঙ্ক্ষা দমন করেই নিজেকে আর তার আত্মার আত্মীয়দের যাবতীয় অবলম্বন দেওয়ার জন্য পরিশ্রম করত। এক এক দিন গোধূলির মায়া আলোর রক্তাভায় সে দিশাহারা বোধ করত। তার পর ডুবে যেত কী এক সুখের যন্ত্রণায়, আলো আঁধারির মধ্যে অথচ তখনও সে টের পেত, সলমা-চুমকির মতো সৃষ্টির গ্রহ- নক্ষত্ররা বিরাজ করছে তার দিগন্ত জুড়ে। কিন্তু আঁধার ভেদ করে সে পৌঁছতে পারত না, পারা যায়ও না। তারা অধরা হতে হতে হারিয়ে গেছে।

One best book is equal to hundred Good FRIENDS;
But one good friend is equal to a LIBRARY

Thumbs up

Re: নেই শুধু আছে_নবকুমার বসু_NEI SUDHU AACHE_NABAKUMAR BASU

তারাই কি আকাশের শূন্যতা হতে হতে কোনও এক অমিতার স্পর্শের জন্য গোপনে প্রার্থনা করে যেত!
কিংবা সৃষ্টিই কি জানত নিয়তির মতো তার মরণ সংলগ্ন হয়ে আছে আকাশের কাছে? মরণই কি!

নিঝুম টিলার ওপর অতিথিশালার বারান্দায়, উষ্ণতা ভাগাভাগি করতে করতে এই অব্যক্ত বার্তা বিনিময় আপনা আপনি হয়ে যাচ্ছিল সৃষ্টি অমিতা আর নীলাকাশের মধ্যে। এখন তারা স্পষ্ট হয়েছে, সহজ হয়েছে, গোপনীয়তাকে জয় করেছে। গত রাতে অলৌকিক পুষ্পবৃষ্টি হয়েছিল তাদের আলিঙ্গনের সময়, তার পর অগ্নিবৃষ্টি মিলনের ক্ষণে। অতঃপর কৃষ্ণপক্ষের চন্দ্রোদয় হয়েছিল রাত্রির তৃতীয় প্রহরে। আকাশ তো বোঝেনি, তার বর্ণে নীল আবিষ্কার করেছে সৃষ্টি। ও দৃষ্টি সে কোথায় পাবে, সে বোধই বা কোথায়, যা দিয়ে আপন উদ্দীপনার চাবিকাঠি খুঁজে নেয় সৃষ্টি অমিতা।

আকাশ নেই হতে হতেই আবার...যেন এক ভাঙনের পাড়ে এসে দাঁড়ায়।
সৃষ্টি অমিতা ভরিয়ে দিতে দিতে যেন সতর্কতায় বাজে। অবাধ স্বাধীনতা দেয়, কিছুই অদেয় রাখে না, বর্ণহীন আকাশকে সে নীল করে দেয়। ভালবাসার কথাও বলে, বিশ্বাসের আন্দাজ দেয়। এবং আর এক জীবনশিল্পকে অসমাপ্ত না রাখার আহ্বান জানায়।

One best book is equal to hundred Good FRIENDS;
But one good friend is equal to a LIBRARY

Thumbs up

Re: নেই শুধু আছে_নবকুমার বসু_NEI SUDHU AACHE_NABAKUMAR BASU

ভাঙনের পাড় থেকে পায়ে পায়ে সরে আসে নেই-আকাশ। সে সৃষ্টি অমিতার নীলাকাশ হয়। যেন বহু দূর থেকে দেখে টিলার ওপরে অতিথিশালার সেই নিবিড় নির্জন ঘর। কোথাও কি তার দ্বিধা ছিল সৃষ্টির অথবা সৃষ্টিকে পূর্ণ গ্রহণের? ও বিলাসিতার কথা বলল কেন!

আকাশ, নীল বা বর্ণহীন, তার তো কোনও ছলনা ছিল না, নেই। সৃষ্টি এসে দাঁড়িয়েছিল তার দোরগোড়ায়, মরণের ডাক শুনেছিল সে, আর অফুরান দিতে শুরু করেছিল। আর জানা- অজানার দোলাচল থেকেই এক সময় আকাশ সচেতন হয়েছিল গ্রহ-নক্ষত্রের আপেক্ষিক গতির বিষয়ে। যখন নেমে এল, সৃষ্টির আকাশে ও নীল। আকাশের সৃষ্টিতে ও অমিতা। মাঝখানে উহ্য হয়ে গেছে যাপনের গ্লানি, প্রবাস, অপরিচয়ের অন্ধকার। তার পর কত দিন পর, এই টিলার ওপর অতিথিগৃহ, নিঝুম কক্ষে উষ্ণতার আরাধনা, বারান্দায় সুর্যোদয়ের আলিঙ্গন।

পাপ তো ছিল না কিছু। তবু নীলাকাশে পাপের কালিমা লেপনে কসুর করেনি, আকাশেই মাথা তোলা উঁচুরা, যাদের আশ্রয় আর অবলম্বন দিয়েছে আকাশই। সৃষ্টিকে পেতে চেয়েও তারা পায়নি। সৃষ্টিছাড়ার বন্দনা করেছিল। দিশাহারা আকাশে আর এক বার বিভ্রান্তির মেঘ জমেছিল সেই দিন। সেই মেঘে জল ছিল না। ছিল বিদ্যুৎ, অগ্নিবর্ষণের গম্ভীর দূরাগত ধ্বনি। অগ্নিস্রাবী হতে হয়নি। ক্রমশ আকাশ জেনেছিল সব কালিমা ধুয়ে যাবে সৃষ্টির প্রেমে। তার অপার বিস্ময় জমাট বাঁধাছিল বিশ্বাসের কাঠিন্যে।
তবু কেন সৃষ্টিতে বিলাসিতার সংশয়?
সংশয়, নাকি ও শুধু নীলাকাশের কাছে সৃষ্টি অমিতার মরমি নিবেদন! যেন অসমাপ্ত না থাকে জীবনশিল্প!

One best book is equal to hundred Good FRIENDS;
But one good friend is equal to a LIBRARY

Thumbs up

Re: নেই শুধু আছে_নবকুমার বসু_NEI SUDHU AACHE_NABAKUMAR BASU

কঠিন মাটিতে বিশ্বাস হয়ে নেমে আকাশ, ভালবাসায় শক্ত খুঁটির আশ্রয় রচনা করে। মুহূর্তেই পারঘাটার নেই থেকে উড়াল দিয়ে ফিরে আসে টিলার বারান্দায়। চরাচরে সূর্যোদয়ের লালিমা শেষ হয়ে দিন ঘোষিত হয়েছে। স্থান পরিবর্তন করেনি সৃষ্টি অমিতা। নীলাকাশের অনুপস্থিতি সে টের পেয়েছিল। এ বার উপস্থিতিও। এবং সেই দীঘল আঁখি দিয়ে অবলোকন করল নীলাকাশকে। সে-ও দেখছে উদ্ভাসিত সৃষ্টিকে, তার দৃষ্টিতে স্বচ্ছতা ও নীলে কোনও বিরোধ নেই। আর এক জীবনশিল্পের সমাপ্তি পড়ে নেয় সৃষ্টি অমিতা।

তারা একে অপরের মধ্যে মিশে স্থির দাঁড়িয়ে থাকে। তখন বাতাস- অরণ্য- পাহাড়- আলো- বৃক্ষসমূহ আপন করে নেয় সৃষ্টি ও আকাশকে।

সৌজন্যঃ আনন্দবাজার পত্রিকা ৩ আষাঢ় ১৪১৩ রবিবার ১৮ জুন ২০০৬

One best book is equal to hundred Good FRIENDS;
But one good friend is equal to a LIBRARY

Thumbs up

Re: নেই শুধু আছে_নবকুমার বসু_NEI SUDHU AACHE_NABAKUMAR BASU

"সবাই এ তো ভালবাসার কথা বলে বলে কথাটাকেই কেমন খেলো করে দিয়েছে।"

ki chotto kotha...kintu bhison rakam bhabe shotti...
"Bhalobaso" bollei bhalobasa jai na...kichu na bola kothao besh jore sona jai...tai na?

Bangla E-Library...Knowledge flows like Electrons here...
                                       ~Abhijit

Thumbs up

Re: নেই শুধু আছে_নবকুমার বসু_NEI SUDHU AACHE_NABAKUMAR BASU

acabhijit wrote:

মনটা কেমন উরু উরু মনে হচ্ছে..............

One best book is equal to hundred Good FRIENDS;
But one good friend is equal to a LIBRARY

Thumbs up

Re: নেই শুধু আছে_নবকুমার বসু_NEI SUDHU AACHE_NABAKUMAR BASU

mamonjafran wrote:
acabhijit wrote:

"সবাই এ তো ভালবাসার কথা বলে বলে কথাটাকেই কেমন খেলো করে দিয়েছে।"

ki chotto kotha...kintu bhison rakam bhabe shotti...
"Bhalobaso" bollei bhalobasa jai na...kichu na bola kothao besh jore sona jai...tai na?

মনটা কেমন উরু উরু মনে হচ্ছে..............

"মন" শব্দটা এক অর্থহীন কৌতুক।
মন মানে তাস-পাত্তির হরতনের লাল পান নয়।
আমি এক চলমান যান্ত্রব। আমার কাছে মন হল মস্তিকের অন্ধগহ্বরের কিছু রাসায়নিক বিক্রিয়া মাত্র।
তার পা নেই, তাই চলতে পারে না, আবার দাঁড়াতেও পারে না।
ডানা নেই তাই উড়তে পারে না।
শারীরিক অবয়ব নেই তাই ডুবতেও পারে না, সাঁতার দিতেও পারে না।

Bangla E-Library...Knowledge flows like Electrons here...
                                       ~Abhijit

Thumbs up