Topic: কেরী সাহেবের মুন্সী_প্রমথনাথ বিশী_KERI SAHEBER MUNSHI_PRAMATHANATH BIS

কেরী সাহেবের মুন্সী
প্রমথনাথ বিশী

১ চাঁদপাল ঘাট

১৭৯৩ সালের ১১ই নভেম্বর।ও-পারের জনশূন্য বাবলাবনের দিগন্তে হেমন্তের সূর্য ডোববার মুখে। এতক্ষণ ঘাট প্রায় জনশূন্য ছিল, ক্রমে ক্রমে লোকজন জড়ো হতে লাগল, সেই সঙ্গে গাড়িঘোড়াও।

বিলাতী জাহাজ এসে পৌঁছনো একটা মস্ত ঘটনা। আজ পৌঁছবে দিনেমার জাহাজ প্রিন্সেস মারিয়া।

Chandpal Ghat

A View of Chandpal Ghat Calcutta (Kolkata) by James Baillie Fraser - 1826



ক্রমবর্ধমান জনতার একান্তে নিম গাছের তলে দাঁড়িয়ে দুজন লোক। একজন লম্বা ছিপছিপে, দাঁড়ি-গোঁপ কামানো, কথা বলবার সময় কপালে অনেকগুলো রেখা জাগে ; অপরজন বেঁটে, শক্ত নিরেট দেহ, ঘাড়ে-গর্দানে এক।লম্বা লোকটি বলল, পার্বতীভায়া, তোমাকে কেন চটি পায়ে আর নামাবলী গায়ে আসতে বলেছিলাম বুঝতে পারলে কি ?না বসুজা, সত্যি কথা বলতে কি, পারি নি। তুমি বললে তাই এই বেশে এলাম। এ কি ঘাটে আসবার পোশাক। তার পর ভাবলাম, এসব বিষয়ে বসুজা আমার চেয়ে বেশি বোঝে, তাই আর আপত্তি করলাম না।ভালই করেছ। এই পাদ্রীগুলোর স্বভাব কি জান, যারা দূরে থাকে তাদের উপর বেশি টান। তুমি কোট পাৎলুন পর, খানা খাও, খ্রীষ্টান হও, দুদিন পরে আর পুছবে না। আর তা না করে যদি চটি চাদর নামাবলী শিখা বজায় রাখ, একটু অং বং করে দুটো সংস্কৃত মন্তর আওড়াও, তোমার পিছু পিছু ঘুরে বেড়াবে। সে তো তোমাকে দেখেই বুঝতে পারছি। চেম্বার্স সাহেবের মুন্সীগিরি করলে কত বছর, তার পর টমাস ডাক্তারের সঙ্গে ঘুরলে আরও কত বছর, কিন্তু না উঠল গায়ে কাটাপোশাক, না খেলে অখাদ্য কুখাদ্য। অথচ তোমার উপরই দেখি সবচেয়ে বেশি টান। কেন এমন হয় বলতে পার ?

এ সেই ওদের বাইবেলের নিষিদ্ধ ফলের গল্প আর কি। নিষিদ্ধ বলেই টানের অন্ত নেই। জাহাজঘাটায় পৌঁছাবার বিলম্ব সয় না। টমাস সাহেবের চিঠির পর চিঠি-মুন্সীজি, জাহাজঘাটে হাজির থাকবে।

কিন্তু আবার এই বুড়ো পার্বতী ব্রাহ্মণকে কেন ? তোমার ব্রাহ্মণত্বেই যে তোমার দাম। একটা ব্রাহ্মণকে খ্রীষ্টান করতে পারলে হাজারটা শুদ্রকে খ্রীষ্টান করবার ফল পাওয়া যায়। কিন্তু একটা শুদ্রকেই বা খ্রীষ্টান করতে পারল কই। আচ্ছা বসুজা, খ্রীষ্টান হবার জন্যে তোমার উপর চাপ দেয় না ? দেয় না আবার !তবে ?তবে আবার কি ? টমাস সাহেবকে বলি, সাহেব, খ্রীষ্টান হয়ে খ্রীষ্টানধর্ম প্রচার করব এ আর বেশি কি। কিন্তু খ্রীষ্টান নই অথচ করছি এর প্রভাবটা একবার ভেবে দেখ। সাহেব বলল, ঠিক হ্যায়।

Thumbs up

Re: কেরী সাহেবের মুন্সী_প্রমথনাথ বিশী_KERI SAHEBER MUNSHI_PRAMATHANATH BIS

তখন তুমি কি বললে ? আমি কিছুই বললাম না, সাহেবকে ডোমতলার এক জুয়োর আড্ডায় নিয়ে গেলাম। পরদিন সর্বস্ব খুইয়ে সাহেব বলল, মুন্সীজি, জুয়োর আড্ডা নরক। আমি বলি, তা আর বলতে। তার পর সাহেব বলল, টাকাকড়ি হচ্ছে ‘ওয়েজেস্ অব সিন’। আমি বলি, সেইজন্যেই ওগুলো নরকে গিয়েছে। যা হক সাহেব, এখন তো বেশ হাল্কা হয়েছ, এবার স্বর্গে যাও। একেবারে মরতে বললে ?

আরে না, না। ইশারায় গির্জায় যেতে বললাম। তা ছাড়া, ও যে মরলে স্বর্গে যাবে তা কে বলল ?

মনটি বড় সরল। শুধু সরল মনের জোরে সবাই যদি স্বর্গে যেতে পারত, তাহলে স্থানাভাবে সেখানে যে অন্ধকূপ হত্যার পালা হত। এবারে আবার কাকে সঙ্গে আনছে ? শুনছি কেরী নামে এক পাদ্রীকে। এক রামে রক্ষা নাই, সুগ্রীব দোসর ! শুধু সুগ্রীব নয়, সঙ্গে কুমার অঙ্গদ, তারা, নীল, নল, অনেকেই আছে। সপরিবারে ? এ দেশেই থাকবে মনে হচ্ছে ! শুধু থাকবে কেন। বাইবেল তর্জমা করবে, অন্ধকার দূর করবে, প্রভু যীশুর করুণা বৃষ্টি করবে। অমনি সঙ্গে কিছু রুপোর বৃষ্টি করবে। অবশ্য করবে। চেম্বার্স সাহেবকে আমি একসময় বাইবেল তর্জমায় সাহায্য করতাম, সাহেব বেশ দরাজ হাতের লোক।

বসুজা ভায়া, এবারে হুঁশিয়ার হও, এতদিনে খাস পাদ্রীর হাতে পড়বে। চেম্বার্স আদালতের দোভাষী, টমাস জাহাজী ডাক্তার, এ বেটা শুনেছি দীক্ষিত পাদ্রী। শুধু তাই ? কেরী এক সময়ে জুতো সেলাই করত, এখন চন্ডীপাঠ করে। না জানে এমন কাজ নেই। টমাস সাহেব খুলে লিখেছে কিনা।

এমন সময়ে তাদের কানে গেল, কে যেন গুন-গুন করে গান করছে-

Thumbs up

Re: কেরী সাহেবের মুন্সী_প্রমথনাথ বিশী_KERI SAHEBER MUNSHI_PRAMATHANATH BIS

‘কলকাত্তাকা বাবুলোক
করে কাম বেহদ্,
দিনমে খাতা গঙ্গাপানি
রাতমে খাতা মদ।’

কে, আব্রাহাম নাকি ?

সেলাম বোস সাহেব, আব্রাহামই বটে। আব্রাহাম ও রামরাম বসু দুজনেই ডিঙিভাঙা অঞ্চলের অধিবাসী, পরস্পরকে বেশ চেনে। আব্রাহামের পিতামাতার কোন একজন কোন এক পুরুষে পর্তুগীজ ছিল, কিন্তু কয়েক পুরুষের ধোপে পিতৃমাতৃপরিচয়ের আজ আর কিছু অবশিষ্ট নেই, আছে শুধু ধর্মটি, পোশাকটি আর নামটি।

প্রথম পরিচয়ে সে নিজের নাম বলে, ডন আব্রাহাম ডি লেসপ্স। তার ইংরেজি নিয়ে কেউ যদি ঠাট্টা করে বলে, কেমন সাহেব তুমি ! আব্রাহাম বলে ইংরেজি কি আমার ভাষা ? তার পর সগর্বে বলে, ডন আব্রাহাম ডি লেসেপ্সের ভাষা পর্তুগীজ। আর প্রশ্ন করবার সুযোগ দেয় না, গুন-গুন স্বরে যে কোন একটা গান ধরে, এমন অনেক গানের পুঁজি তার।

রাম বসু শুধাল, তার পর এখানে কি মনে করে ?
পার্বতীচরণ বলল, দেশের লোক আসছে দেখতে।

আব্রাহাম রাগল না, হেসে উঠল, পার্বতীচরণের সঙ্গেও তার পরিচয় ছিল রাম বসুর সূত্রে ; তার পরে বলল, দেশের লোক দেখতে ইচ্ছে হয়ই তো। কিন্তু সে জন্যে ঠিক আসি নি, এসেছি ব্যবসার জন্যে।

পার্বতীচরণ শুধাল, তোমার আবার কিসের ব্যবসা ?

Thumbs up

Re: কেরী সাহেবের মুন্সী_প্রমথনাথ বিশী_KERI SAHEBER MUNSHI_PRAMATHANATH BIS

আব্রাহাম মুচকি হেসে বলল, কাঁচা চামড়ার ব্যবসা।
দুজনে হো-হো করে হেসে উঠল। বলল, তা বেশ, তা বেশ।
ব্যবসা চলছে কেমন ?
কই আর তেমন চলে। এই নতুন জাহাজ পৌঁছালে যা চলে কয়েকদিন।
শুনলাম কোম্পানি জাহাজী গোরাদের জন্যে ‘সেইলরস্ হোম’ খুলেছে।
তা গোটা দুই খুলেছে বটে।
তবে তো তোমাদের ব্যবসার সদর দরজাটাই বন্ধ।
কিন্তু খিড়কির দরজাটা ? সেটা বন্ধ করে কার সাধ্য ?
কি রকম ?
আগে ডাঙায় নামলে খদ্দের যোগাড় হত, এখন জাহাজে থেকে করতে হয়, তফাৎ এই। খাটুনি বেড়েছে, ভয় বেড়েছে, তেমনি দরও বেড়েছে। অতিরিক্ত পয়সা দিয়ে মরে গোরা খালাসী, আমার মুনাফায় হাত দেয় কে।
কাঁচা চামড়ার ব্যবসায়ের অন্ধি-সন্ধি জানবার ঔৎসুক্য জানাল দুজনে।
আব্রাহাম শুরু করল, তবে শুনুন। সেদিন এল ‘উইলিয়াম এন্ড মেরি, জাহাজ। আগে হলে সরাসরি জাহাজে গিয়ে চড়তাম, কিন্তু এখন তা হবার উপায় নেই, পাস লাগে। কি করি ? একখানা ডিঙি নিয়ে গেলাম জাহাজের কাছে। কাপ্তেনকে সেলাম করে শুধালাম, হুজুর, জন টমসন বলে কোন যাত্রী এসেছে ? কাপ্তেন বলল, না, ও নামে কোন যাত্রী নেই।
তখন আপন মনেই যেন বললাম, তাই তো, বড় মুশকিল হল, এখন কি করি ? তারপর আবার কাপ্তেনকে বললাম, একবার হুকুম হলে জাহাজে উঠে জিজ্ঞাসাবাদ করে দেখি কেউ জন টমসনের পাত্তা জানে কি না। এমন তো হতে পারে জাহাজ ছাড়বার আগে কেউ তাকে দেখেছে।

Thumbs up

Re: কেরী সাহেবের মুন্সী_প্রমথনাথ বিশী_KERI SAHEBER MUNSHI_PRAMATHANATH BIS

উত্তর হল, বেশ তো, এস খোঁজ কর না। দেখো জলে পড়ে যেও না যেন।
অমনি তুড়ুক করে জাহাজে লাফিয়ে উঠে জাহাজী গোরাদের মধ্যে ঢুকে পড়লাম। তার পর, রতনে রতন চেনে। ওদের বুঝিয়ে বললাম, ‘সেইলরস্ হোম’এ কত তকলিফ, কত কড়া আইন, রাত নটার পরে বাইরে বেরুতে দেয় না। আর আমার ঠিকানায় যদি যাও, তবে যা চাও তাই পাবে, ধুম ফুর্তি – চার্জ নামমাত্র।
সবাই একসঙ্গে বলে উঠল – তোমার ঠিকানা বল।
ঠিকানা আবার কি। আব্রাহামের কুঠি, লালবাজার বা ফ্ল্যাগ স্ট্রীট, বললে কুকুরটা অবধি পথ দেখিয়ে দেবে। খদ্দের ঠিক করে নেমে এলাম।
রামরাম বসু শুধাল, তার পর কি হল বল, ওরা গিয়েছিল তোমার কুঠিতে ?
সে প্রশ্নের উত্তর না দিয়ে আব্রাহাম বলে উঠল, ঐ যে জাহাজ দেখা দিয়েছে। চললাম হুজুর, বহুত বহুত সেলাম।
এই বলে সে একখানা ডিঙির উদ্দেশে ছুটল।
রামরাম বসু ও পার্বতী ব্রাহ্মণ দেখল, সত্যই ‘প্রিন্সেস মারিয়া’ মাঝগঙ্গায় নোঙর করেছে, এবারে পাল গুটোবার আয়োজন করছে, এতক্ষণ কথাবার্তায় মগ্ন ছিল বলে কিছু দেখতে পায় নি।
ঘাটের দিকে তাকিয়ে দেখল, ইতিমধ্যে সমস্ত স্থানটা তাঞ্জাম, পাল্কি, সেড্যানচেয়ার, ল্যান্ডো, বগি, ব্রাউনবেরি, ফিটন প্রভৃতি বিচিত্র যানবাহনে ভরে উঠেছে। অধিকাংশ গাড়িই খালি, সওয়ারী ধরতে এসেছে। অনেক সাহেব মেম এসেছে আত্মীয়স্বজনকে অভ্যর্থনা করতে। নানা ভাষার কৌতুহল-গুঞ্জনে ঘাটটা মুখর।
রাম বসু ভাবছে, তাই তো, স্মিথ সাহেব এখনও এল না, ব্যাপারখানা কি ?

Thumbs up

Re: কেরী সাহেবের মুন্সী_প্রমথনাথ বিশী_KERI SAHEBER MUNSHI_PRAMATHANATH BIS

২ চাঁদপাল ঘাটে

হ্যালো, মুন্সী !
গুড ইভিনিং, মিঃ স্মিথ !
স্মিথ বলল, তোমরা এসেছ ভালই হয়েছে, মিঃ চেম্বার্স তোমাদের ঘাটে উপস্থিত থাকতে বলেছিল। ডাঃ কেরী তোমাকে দেখবার জন্যে খুব ব্যস্ত হয়ে পড়েছে।
রাম বসু বলল, তোমাকে না দেখে আমিও ব্যস্ত হয়ে পড়েছিলাম।
হ্যাঁ, আমার আর একটু আগে আসা উচিত ছিল।
রাম বসু ইংরেজি পড়তে বলতে লিখতে শিখেছিল, যখন যেমন প্রয়োজন ইংরেজি বা বাংলা ব্যবহার করত। এখন ইরেজিতে কথা হল।

chandpal ghat

Esplanade Row Calcutta towards Chandpal Ghat,

মিঃ চেম্বার্স সুপ্রীম কোর্টের ফার্সী দোভাষী, কলকাতা সাহেব মহলে বিখ্যাত। লোকটা টমাসের বন্ধুও বটে, খ্রীষ্টধর্ম প্রচারেও তার অসীম আগ্রহ। স্মিথ ও কেরীর মধ্যে সে যোগাযোগ করে দিয়েছিল, স্থির হয়েছিল যে টমাস ও সপরিবার কেরী স্মিথের আতিথ্য গ্রহণ করবে।
স্মিথ ধনী ব্যবসায়ী, বেরিয়াল গ্রাউন্ড রোডে বাড়ি।
স্মিথের আসতে বিলম্ব হবার সত্যই কারণ আছে। আজ তার শিকার করতে যাওয়ার কথা। এমন সময়ে তার পিতা জর্জ বলল, জন, শিকারে নাই গেলে, আমি সুস্থ বোধ করছি না, তুমি জাহাজঘাটে গিয়ে মান্য অতিথিদের নিয়ে এস।

Thumbs up

Re: কেরী সাহেবের মুন্সী_প্রমথনাথ বিশী_KERI SAHEBER MUNSHI_PRAMATHANATH BIS

জন বলল, সে কি বাবা, শিকারে বেরুব, সব ঠিক, এমন সময়ে-
বুড়ো জর্জ বলল, তাই তো, তাহলে আমাকেই যেতে হচ্ছে দেখছি।
তখন জনের ভগ্নী লিজা বলল, যাও জন যাও, আখেরে ভাল হবে।
কি ভালটা দেখলে ?
চোখ থাকলে তুমিও দেখতে পেতে। কলকাতায় অবিবাহিত যুবকদের গির্জেয় যাওয়ার এত আগ্রহ কেন ?
কেন তুমি বল।
জান না ? ভাবী বধূ সংগ্রহ।
সে আগ্রহ কি এক-তরফা ?
নিশ্চয়ই নয়, সেই জন্যেই তো আমি কখনও গির্জেয় যেতে ভুলি না।
কিন্তু জাহাজঘাটা তো গির্জে নয়।
তার চেয়েও বেশি। অবিবাহিত যুবতী পাকড়াও করবার আশাতেই ওখানে ভিড় জমে।
আমার সে রকম আগ্রহ নেই।
তবে তোমার ভাগ্যে ‘খিদিরপুর এসাইলাম’এ যাচাই করা কর্তব্যবুদ্ধিতেই হক- জন শিকারে গেল না, জাহাজঘাটে এল। এই তার বিলম্বের আসল কারণ।

Thumbs up

Re: কেরী সাহেবের মুন্সী_প্রমথনাথ বিশী_KERI SAHEBER MUNSHI_PRAMATHANATH BIS

রাম বসু বলল, মিঃ জন, এঁর সঙ্গে তোমার পরিচয় নেই, এতক্ষণ পরিচয় করিয়ে দেওয়া উচিত ছিল, এর নাম পার্বতী ব্রাহ্মণ, হিন্দুশাস্ত্রে মহাপন্ডিত ব্যক্তি, আমার বন্ধু, টমাস ও চেম্বার্সের সঙ্গে এঁর দীর্ঘকাল পরিচয়।
বড় আনন্দের কথা। ঐ ডিঙিখানায় বোধ হয় ওরা আসছে।
এই বলে স্মিথ অগ্রসর হল।
রাম বসু ও পার্বতী দেখল-হ্যাঁ তারাই বটে, সন্দেহ নেই। টমাসকে বেশ চেনা যাচ্ছে-বাকি সকলে সপরিবার কেরী হবে।
ওহে পার্বতী ভায়া, এ যে একগুষ্টি।
দেশে ভাত জোটে না।
আহা, চট কেন। আমাদের ভাত অমনি খাবে না ; যেমন আমাদের ভাত খাবে তেমনি আলো বিতরণ করবে।
রামভায়া, তুমি কি সত্যিই ওদের পাদ্রীভাবে বিশ্বাস কর ?
পাগল ! রাম বসু কিছুতেই বিশ্বাস করে না, আবার কিছুতেই তার অবিশ্বাস নেই। সমস্ত সংস্কার গুলে পান করে সে নীলকন্ঠ হয়ে বসে আছে !
নীলকন্ঠ না বলে লালকন্ঠ বলাই উচিত, সাধারণত ঐ বস্ত্তটার রঙ লাল হয়েই থাকে-বলে পার্বতীচরণ।
বাপ রে, কি পেল্লায় টাক ! কোথায় কপালের শেষ আর কোথায় টাকের শুরু ঠিক করে কোন্ শালা।
না ভাই, আমার মনে হচ্ছে ওর কপালটা ঠেলতে ঠেলতে ব্রহ্মতালু অবধি উঠেছে। যাই বল, দরাজ-কপালে ব্যক্তি। হ্যাঁ অদৃষ্ট পরীক্ষা করতে আসছে, দেখা যাবে কত বড় কপাল।
বলা বাহুল্য, এ কপাল-প্রশস্তির লক্ষস্থল স্বয়ং পাদ্রী কেরী। ডিঙিখানা খুব কাছে এস পড়েছে।
ঐ বেটীই বোধ হয় কেরীর স্ত্রী।

Thumbs up

Re: কেরী সাহেবের মুন্সী_প্রমথনাথ বিশী_KERI SAHEBER MUNSHI_PRAMATHANATH BIS

একেবারে বুড়ী যে !
পুষিয়ে নিয়েছে ঐ ছুক্রিকে দিয়ে, খাসা দেখতে ভায়া।
বোন নাকি ?
বোনই-তবে মনে হচ্ছে গৃহিণীর, নইলে এত যত্নে সাত সমুদ্র পারে নিয়ে আসে না।
বোনই হক আর শালীই হক স্মিথ দেরি করে এসেও ঠকবে না।
রাম বসু বলল, দেখেছ আমার কথা সত্যি কি না ? স্মিথের একবার আগ্রহ দেখ। নৌকায় লাফিয়ে উঠবে নাকি ? দেখ দেখ, পড়েছে কাদায়।
সত্যই ভাটার কাদায় স্মিথ খানিকটা লাঞ্ছিত হল।
রামভায়া, চল এগিয়ে যাই।
পাগল নাকি ! ঐ সব হাঙ্গামার মধ্যে কখনও যেতে আছে, আগে শক্ত ডাঙায় পা দিক, তখন গিয়ে সরফরাজি করা যাবে। তা ছাড়া, যারা দশ হাজার মাইল পার হয়ে এল – তারা এই দশ গজও পার হতে পারবে, আমাদের সাহায্যের দরকার হবে না।
ইতিমধ্যে সাহেব বিবির দল শুকনো ডাঙায় এসে নামল। যাদের আত্মীয়স্বজন এসেছে, তারা বাড়ির গাড়িতে রওনা হয়ে গেল। যাদের কেউ নেই, তারা গাড়িতে উঠে বলল- Burra Poachkhanna !
কোচম্যান ও পাল্কি-বাহকের দল শব্দটার সঙ্গে খুব পরিচিত, তারা জানে যে Burra Poachkhanna বললে বড় Hotel-এ নিয়ে যেতে হয়। কোন যুবতীকে অবিবাহিত অর্থাৎ বেওয়ারিশ মনে হওয়া মাত্র যুবকের দল তাকে ছেঁকে ঘিরে ধরছে। একজন যুবক কেরীর ডিঙির দিকে অগ্রসর হচ্ছিল, কিন্তু তার আগেই স্মিথের আধিপত্য প্রতিষ্ঠিত হয়েছে দেখে ফিরে অন্যত্র গেল।
পরিখাবেষ্টিত কলকাতায় শ্বেতাঙ্গসমাজ Ditchers নামে পরিচিত। Ditcher গণের আর কোন অভাব নেই-ঐ একটি অভাব ছাড়া। তারা চিরন্তন ‘নারী-মন্বন্তর’ এ অভিশপ্ত। শ্বেতাঙ্গিনীর অভাব শ্যামাঙ্গিনী দিয়ে মিটিয়ে নেওয়া সেকালে একটা অর্ধসামাজিক রীতি বলে স্বীকৃত হয়েছিল। নিজে থেকে অন্দরমহলের কথা না বললে কেউ সে প্রসঙ্গ তুলত না, সেটা ছিল নিষিদ্ধ ফলের জগৎ।

ক্রমশঃ

Thumbs up